করোনায় মরার ওপর খাঁড়ার ঘা: বাড়ছে ডেঙ্গুরোগীও

মহামারী করোনায় দেশে মৃত্যু ও সংক্রমণ যখন কোনোভাবেই থামানো যাচ্ছে না তখন রাজধানীতে নতুন করে প্রকোপ বৃদ্ধি পেয়েছে এডিস মশা থেকে সৃষ্ট রোগ ডেঙ্গুর। বিগত কয়েকদিনে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে মিলিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ডা. কামরুল কিবরিয়া জানান, গত একদিনে রাজধানীসহ সারাদেশে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন বাদে বাকি ৩৮ জনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, এখন সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১২০ জন। এদের মধ্যে ৩ জন ঢাকার বাইরে। বাকিরা সবাই রাজধানীতে চিকিৎসাধীন। চলতি বছরের প্রথম দিন থেকে ৫ জুলাই পর্যন্ত মোট ৫০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জানা যায়, দুই সপ্তাহ আগেও রাজধানীতে প্রতিদিন গড়ে দুই একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হতেন। কিন্তু সম্প্রতি বেড়ে গিয়েছে রোগীর সংখ্যা। কাউকে কাউকে আইসিইউতেও নেওয়া হচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বর্ষাকালে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার বংশবিস্তার ঘটে। এডিস মশার প্রজননস্থলে পানি জমিয়ে না রেখে নিয়মিত ফেলে দিতে হবে। এছাড়া জ্বর হলে ঘরে বসে না থেকে ডেঙ্গু জ্বর কি-না পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর