আসন্ন ঈদুল আযহায় পাশের দেশ ভারত ও মিয়ানমার থেকে কোরবানির কোনো পশু দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
সোমবার (০৫ জুলাই) ই-কমার্স প্রতিষ্ঠান ভালোকিনি ডটকম ও গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ‘চরাঞ্চলের গরুর অনলাইন হাট’-এর উদ্বোধন অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, খামারিদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বৈধ বা অবৈধ কোনো উপায়েই মিয়ানমার বা ভারত থেকে গবাদিপশু দেশের ভেতরে আসতে দিচ্ছি না। কারণ গবাদিপশু উৎপাদনকারীদের অনেক খরচ হয়। তারা যদি ন্যয্যমূল্য না পান তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, বেকার হয়ে যাবেন, তাদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ হারিয়ে যাবে, গ্রামীণ অর্থনীতির সচল চাকা অচল হয়ে যাবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি সব খামারি ও উৎপাদকদের নিশ্চিত করছি আপনারা ন্যায্যমূল্যে গবাদিপশু বিক্রি করতে পারবেন।
শ ম রেজাউল করিম বলেন, আমরা চাই দেশের প্রাণিসম্পদ বেড়ে উঠুক। সরকার সব ধরনের সহযোগিতা দেবে। বাংলাদেশে প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এবং এ পরিবর্তনের ধারা আমরা অব্যাহত রাখব।
বার্তা বাজার/এসজে