পাবনায় পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে ৪ রোগীর মৃত্যু

পাবনায় পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে করোনাভাইরাসে আক্রান্ত ৪ রোগীর মৃত্যু হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রোববার (৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী।

মৃতরা হলেন- সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মৃত দায়েন বিশ্বাসের স্ত্রী রাশিদা বেগম (৭০), পাবনা শহর এলাকার নূরে আলম (৬৭), নাজমুল ইসলাম (৭২) ও ঈশ্বরদীর চরকুরুলিয়া গ্রামের মৃত কোরবান সরকারের স্ত্রী রোকেয়া খাতুন (৭০)।

অক্সিজেন সংকটে রোগী মৃত্যুর অভিযোগ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী বলেন, করোনায় আক্রান্ত হয়ে শেষ সময়ে অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। শেষ সময়ে হাসপাতালে একজন রোগী আসলে কিছু করার থাকে না।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার শুরুতে যদি কেউ আসে তাহলে তাকে ভালোভাবে চিকিৎসা দেওয়া সম্ভব। যারা মারা গেছেন তারা করোনায় আক্রান্ত হয়ে শেষ সময়ে হাসপাতালে এসেছিল।

তিনি আরও বলেন, জেনারেল হাসপাতালে সেন্টাল অক্সিজেন চালু না থাকায় অক্সিজেনের ব্যাপক সংকট দেখা দিচ্ছে। হাইফ্লো ন্যাজাল ক্যানোলাও অকেজো হয়ে পড়ে আছে।

এদিকে পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স হাসপাতালের করোনা রোগীদের জন্য আরও ৫০টি অক্সিজেন সিলিন্ডার কেনার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর