খালেদার মুক্তি-চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা রহস্যময় খেলা খেলছেন
খালেদা জিয়ার মামলা, কারামুক্তি এবং চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা এক ধরনের রহস্যময় খেলা খেলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৫ জুলাই) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যে একজন দণ্ডিত আসামি তা বিএনপি নেতারা ভুলে গেছেন। তারা মাসের পর মাস অযথা সময় ক্ষেপণ করে খালেদা জিয়ার মামলার বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বিষয়ে অধিকতর মানবিক আচরণ করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বেগম জিয়ার বয়স ও স্বাস্থ্য বিবেচনা করে সাজা স্থগিত করে তাকে ঘরে অবস্থান করে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন, তাই আপনাদের উচিত শেখ হাসিনার ঔদার্য্যের প্রতি কৃতজ্ঞ থাকা।
বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, আপনারা দরজা বন্ধ করে গুটিয়ে ছিলেন দেয়ালের আড়ালে, পর্দার আড়ালের রাজনীতিই আপনাদের পছন্দের।
খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো মামলায় সাজা দেয়া হয়েছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে বলেন, বিএনপি ভালো করেই জানেন এ মামলা শেখ হাসিনা সরকার করেনি, তত্ত্বাবধায়ক সরকারের করা এই মামলা।
আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয় বরং বিএনপিই এদেশে প্রতিহিংসার রাজনীতির পথপ্রদর্শক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বার্তা বাজার/নব