কটিয়াদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা: প্রতিবাদে প্রতীকী মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার টুনিকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রতীকী মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি।

সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে টুনির হত্যাকারী ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ প্রতীকী মানববন্ধন করেছে সংগঠনটি।

এ সময় প্রতীকী মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, রক্তদান সমিতি’র সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা রনি খান, সাকিবুল হাসান সোহাগ, মোশাররফ হোসেন, শাকিল আহসান, হাসিবুর রশিদ রাফি, আশরাফুল আলম ফাহিম প্রমূখ।

এ বিষয়ে রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, তৃতীয় শ্রেণির ছাত্রী টুনিকে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

করোনা সংক্রমন রোধে বিধিনিষেধ থাকায় প্রতীকী মানববন্ধনের আয়োজন করেছি।

কটিয়াদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা: প্রতিবাদে প্রতীকী মানববন্ধন। ছবি: বার্তা বাজার

উল্লেখ্য, গত ২ জুলাই উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিন লোহাজুরী গ্রামে বাড়ির পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে বাবার সাথে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাদিয়া আক্তার টুনি। পরে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাটক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর