দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৫ জুলাই) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি বলেন, দেশে অক্সিজেন নিয়ে কোনো সংকট নেই। হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে। তবে সমন্বয়ের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টিকা সংগ্রহ দেশের জনগণের প্রতি শেখ হাসিনা সরকারের ডিপ এন্ড এবাইডিং কমিটমেন্টের সুস্পষ্ট প্রতিফলন।
করোনার টিকা নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরইমধ্যে দেশে প্রায় ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। সময়মতো আরও টিকা আসবে।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহে বাংলাদেশ সফল হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার বিকল্প নেই। জীবনের প্রয়োজনে, বেঁচে থাকার জন্য হলেও আমরা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।
বার্তা বাজার/নব