জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তামিমের খেলা নিয়ে শঙ্কা

আগামী ৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ দল। কিন্তু এই ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন তামিম। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে ছিলেন না তিনি।

কিন্তু সবাইকে অবাক করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েন তামিম। এতেই বাধে বিপত্তি। তামিমের পায়ের চোট বেড়েছে। প্রস্তুতি ম্যাচে চোট বাড়ায় পুরো সফরেই তামিমের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

চোট বেড়ে গেলে বিশ্রাম ছাড়া বিকল্প কিছু থাকবে না তামিমের সামনে। ২ থেকে ৫ সপ্তাহ তামিমকে বিশ্রামে থাকতে হবে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, জিম্বাবুয়ে সফরের আগে তামিমকে আমরা বিশ্রাম নিতে বলেছিলাম। ওকে নিয়ে টেস্টের আগের দিন সিদ্ধান্ত নেওয়া হবে। চোটটা যদি বিশ্রামের পর্যায়ে চলে যায় তাহলে তাকে ২ থেকে ৫ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

তিনি আরও বলেন, ওর চোটের যে ধরন তাতে তার বিশ্রাম ছাড়া বিকল্প কিছু নেই। টেস্টের আগের দিন ওকে পর্যবেক্ষণ করা হবে। এরপর তামিমের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর