মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। দেশটির একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুলাই) ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। অক্সিজেন সংকট কাটাতে সিলিন্ডার বদলানোর সময় তাদের মৃত্যু হয়।
ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। কিন্তু দেরি হওয়ায় তারা ৬৩ রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।
এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে সোমবার সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ হাজার ৫৮২ জনের।
বার্তা বাজার/নব