করোনার নতুন হটস্পট বরিশালে একদিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ১৮

সারাদেশেই করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে করোনার নতুন হটস্পটে পরিণত হয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়ছে, ভাঙছে একের পর এক পুরনো রেকর্ড।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একদিনে এ বিভাগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি। এ সময়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের এবং আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় ২ জন করে মোট ৬ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২১ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ১৫৭, পটুয়াখালীতে ৪৩, ভোলায় ১৬, পিরোজপুরে ৮৩, বরগুনায় ৩৭ এবং ঝালকাঠিতে ১০০ জন শনাক্ত হয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৭৩ জনের। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৬৫ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর