করোনভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে সাতদিনের লকডাউন চলছে। সরকারের দেওয়া বিধিনিষিধ অনুযায়ী, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কওমি মাদ্রাসাগুলোও বন্ধ থাকবে।
কিন্তু বিধিনিষেধ অমান্য করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুমিল্লার চান্দিনা উপজেলার কওমি মাদরাসাগুলো। কঠোর লকডাউনে মাদ্রাসা চালু রেখে কার্যক্রম পরিচালনা করায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জুলাই) দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের পাঁচটি কওমি মাদ্রাসা খোলা রাখার অভিযোগে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
ওই পাঁচটি মাদ্রাসা হল- দারুল কুরআন মাদ্রাসা, রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসা, নূরে মদিনা সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা, তাহফিজুল কুরআন মাদ্রাসা এবং নাজাত মহিলা মাদ্রাসা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে চান্দিনা থানা পুলিশ।
রুবাইয়া খানম জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে মাদ্রাসা খোলা রাখায় কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে অভিযান অব্যাহত রাখা হবে।
বার্তা বাজার/নব