করোনাকালে জারি করা কঠোর লকডাউন বা বিধিনিষেধ চলাকালে নিম্ন আয়ের মানুষদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছিয়ে দেওয়ার জন্য আবারও ভ্রাম্যামাণ ট্রাকে বিক্রয় কাজ শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার (০৫ জুলাই) থেকে এই কার্যক্রমের শুরু হবে। দেশব্যাপী সাড়ে চারশ ট্রাকে করে অল্প দামে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করবে তারা।
রোববার (০৪ জুলাই) টিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত। এর মধ্যে ঈদুল আজহার ছুটিতে এ কার্যক্রম বন্ধ থাকবে। টিসিবি ছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হয়।
তারা জানায়, এবার ট্রাকে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করবে। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে এক কেজি প্যাকেটজাত চিনি ৭৮ টাকা ও খোলা চিনি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বড় দানার মসুর ডাল প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা, মাঝারি দানা ৮০ থেকে ৯০ টাকা এবং সরু দানার মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
এবার টিসিবির প্রতিটা ট্রাকে থাকবে ৫০০ থেকে ৮০০ কেজি করে চিনি। ৮০০ থেকে ১২০০ লিটার সয়াবিন তেল ও ৩০০ থেকে ৬০০ লিতার পর্যন্ত মসুর ডাল। মাথাপিছু সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৫ লিটার তেল বরাদ্ধ থাকবে।
বার্তা বাজার/এসজে