লকডাউনের চতুর্থ দিনে কেরানীগঞ্জে ৩২ জনকে জেল-জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের সাথে কাজ করছে পুলিশ, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা। কেউ যেন ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দেয় সে জন্য সাধারণ মানুষকে সচেতন করছেন তারা। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তাই রিকশা ছাড়া অন্যান্য যানবাহন কম চলাচল করতে দেখা গেছে।
এদিকে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত লকডাউন মনিটরিং টিম বৃষ্টি উপেক্ষা করে উপজেলার আব্দুল্লাহপুর, রুহিতপুর, হাসনাবাদ, জিনজিরা ও কদমতলীসহ উপজেলার বিভিন্ন স্থানে টহল অব্যাহত রেখেছে।
এ সময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন। এদের মধ্যে ৩১ জনকে ১৩ হাজার ৭শ’ টাকা জরিমানা ও একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবু ছালাম মিয়া, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর পীযূষ বিশ্বাস, ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদসহ সেনাবাহিনীর একটি চৌকস দল।
সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল লকডাউন মানতে সকলের উদ্দ্যেশে বলেন, আইন মানুন, বাসায় নিরাপদে থাকুন, লকডাউন কেমন হচ্ছে তা দেখতে আসার দরকার নেই, জেলে যাওয়ারও প্রয়োজন নেই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সরকারি আদেশ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টিম মাঠে আছে।
রানা আহমেদ/বার্তা বাজার/টি