চরফ্যাসনে দুই নারীকে কুপিয়ে জখমের অভিযোগ

ভোলার চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নে জমি বিরোধ নিয়ে বিধবা নারীসহ দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এসময়ে স্বজনরা গুরুতর আহত দুজনকে উদ্ধারে এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলায় আরও ৩ নারীকে পিটিয়ে আহত করা হয়েছে।

রোববার (৪ জুলাই) দুপুরে আব্দুল্লাহপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিরোধীয় জমিতে এঘটনা ঘটে। স্বজনরা গুরুতর আহত ফিরোজা(৪৫) আনোয়ারা(৩৫)সহ অপর তিন নারী বিবি হাজেরা, আছিয়া ও শাহিনাকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন বিধবা ফিরোজা জানান, প্রতিবেশী আবদুল মতলব দেওয়ানের কাছ থেকে ৬ বছর আগে আমিনাবাদ মৌজায় ৩২ শতাংশ জমি খরিদ করে বসত বাড়ি ও ঘর নির্মান করে ভোগ দখলে আছেন। সম্প্রতি সময়ে স্থানীয় আবদুল কাদের মালতিয়া ও তার ছেলে ইমন তার ক্রয়কৃত ওই জমির ভুয়া মালিকানাদাবী করে দখলের হুমকি দেন।

এনিয়ে স্থানীয় ভাবে একাধিক সালিশও হয়েছে। কিন্তু সালিশদের রায় উপেক্ষা করে রোববার দুপুরে কাদের মালতিয়ার নেতৃত্বে তার ছেলে ইমনসহ বহিরাহত লোকজন নিয়ে তাদের বাড়ির জমিতে ইট বালু দিয়ে পাকা ঘর নির্মানের চেষ্টা করেন।

এসময় তিনি ও তার বোন আনোয়ারা বাধা দিলে প্রতিপক্ষ কাদের মালতিয়া ও তার ছেলে দুজনকে কুপিয়ে জখম করেন। তাদের চিৎকারে তার অপর তিন বোন ও মা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। স্বজনরা আহত ৫ জনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

প্রতিপক্ষ কাদের মালতিয়া জানান, ওই খতিয়ানে আমি জমি পাওনা আছি। তারা আমার জমি জবর দখল করে আছেন।

চরফ্যাসন থানার ওসি মনির হোসেন জানান, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর