লকডাউন: বিয়ে বাড়িতে সেনাবাহিনীর উপস্থিতিতে বরকে রেখে পালালো সবাই
ফেনীর সোনাগাজীতে চলমান লকডাউনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে বিয়ে বাড়িতে সেনাবাহিনী নিয়ের হাজির হন স্থানীয় এসিল্যান্ড। তখন অবস্থা বেগতিক দেখে বরকে বিয়ে বাড়িতে ফেলে পালিয়ে যায় বরের সাথে আসা লোকজনসহ অতিথিরা।
রোববার (০৪ জুলাই) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, সরকারের বিধি নিষেধ অমান্য করে সফরপুর গ্রামের ছলিম উদ্দিন মুন্সিবাড়িতে হেদায়েত উল্লাহ নামে এক ব্যক্তি তার মেয়ের বিয়ের আয়োজন করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।
ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে উপস্থিত সবাই বরকে রেখে পালিয়ে যায়। পরে এসিল্যান্ড কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে এমন কাজ করবে না শর্তে সীমিত পরিসরে বিয়ের কাজ সম্পন্নের আদেশ দেন।
এসিল্যান্ড জাকির হোসেন এ ব্যাপারে বলেন, সচেতনতার অভাবে মানুষ কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করছে। কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে