শরীয়তপুরের জাজিরা থেকে একটি দেশীয় পাইপ গান, ১টি কার্তুজ ও ১২টি ককটেলসহ আইয়ুব আলী মাদবর (৫৫) নামে একজনকে আটক করেছে মাদারীপুর র্যাব- ৮। শনিবার ভোররাত ৫ টার দিকে জাজিরা উপজেলার নমশুদ্রকান্দির সুবহান মাদবরের বাড়ির পরিত্যক্ত রান্না ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আইয়ুব আলী নমশুদ্রকান্দি গ্রামের মৃত তাহের আলী মাদবরের ছেলে।
র্যাব ৮ এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম রবিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান, অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আইয়ুব আলীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামি স্বীকার করে, ‘সে ও তার সহোদর পলাতক আসামি মো. কাইয়ুম ওরফে শের আলী (৪০) পূর্ব শত্রুতার আক্রোশে প্রতিপক্ষ মো. এরশাদ আলী মাদবর (৩০) কে ফাঁসানোর জন্য তার রান্না ঘরে রাতের অন্ধকারে উক্ত অস্ত্রগুলো রেখেছে।
আসামিকে উদ্ধারকৃত দেশীয় তৈরী একটি পাইপ গান, একটি কার্তুজ ও ১২টি ককটেলসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়ে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি