ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল চালকের পিস্তল হাতে ছবি ভাইরাল

পটুয়াখালীর বাউফলে এক যুবকের হাতে পিস্তলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম মো. রুবেল হোসেন (২৬)। কনকদিয়া ইউনিয়নের কুম্ভুখালি গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক সিকদারের ছেলে।

রুবেল বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিন হাওলাদারের (৬০) দেহরক্ষী কাম মোটরসাইকেল চালক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,‘পিস্তলটি আসল, না নকল তা জানিনা। তবে তাঁদের কাছে পিস্তল আছে এটা জানি। আর এই পিস্তলের ভয়ের কারণে এলাকার মানুষ তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।’

মো. রুবেল বলেন,‘পিস্তলটি খেলনা পিস্তল। কিভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে বুঝতে পারছি না।’ তাঁর কাছে বৈধ কিংবা অবৈধ কোনো পিস্তল নেই বলেও দাবি করেন।’

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘বিষয়টি নজরে আসার পরে ওই যুবকের হাতে পিস্তলের ছবিটি সংগ্রহ করেছি। ছবিটি দেখে প্রথম পর্যায়ে আমার কাছে খেলনা পিস্তলের মত মনে হচ্ছে। তবে এ ব্যাপরে বিস্তারিত অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর