লকডাউন: চিকিৎসককে জরিমানা করে ইউএনও প্রত্যাহার

চট্টগ্রামের সাতকানিয়ায় রোগী দেখার জন্য বাসা থেকে বের হওয়ায় এক চিকিৎসককে আটক করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। এ ঘটনায় প্রত্যাহার করা হয়েছে ইউএনওকে।

রোববার (০৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (০২ জুলাই) ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে যাওয়ার পথে সাতকানিয়া পৌরসভার কলেজ রোড এলাকায় ওই চিকিৎসকে আটক করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চিকিৎসককে জরিমানা করেন ইউএনও মো. নজরুল ইসলাম।

ভুক্তভোগী ডা. ফরহাদ কবির জানান অভিযোগ করেন তাকে জরিমানা আদায়ের পাশাপাশি হুমকিও দেওয়া হয়। কিন্তু সেটা অস্বীকার করেন ইউএনও।

এ বিষয়ে ডা. ফরহাদ বলেন, আমি পৌরসভার নাছির ফার্মেসি এবং মক্কা ফার্মেসিতে নিয়মিত চেম্বার করি। ঘটনার দিন আমি চেম্বার শেষ করে ফিরছিলাম। ওই সময় একজন ইমার্জেন্সি রোগী আসার বিষয়ে ফোন পেয়ে মাঝপথ থেকে আবার চেম্বারে যাচ্ছিলাম। তখন সাতকানিয়া পৌরসভার কলেজ রোডের মুখে ইউএনওর সঙ্গে দেখা হয়। এ সময় ইউএনওর সঙ্গে থাকা লোকজন সিগন্যাল দিলে আমি মোটরসাইকেল থামিয়ে আমার পরিচয় দেই।

তিনি জানান, আমি নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়ার পর ক্ষিপ্ত হয়ে পড়েন ইউএনও। তিনি আমাকে বলেন, আপনারা লকডাউন দেওয়ার জন্য সুপারিশ করেন। আমরা লকডাউন সফল করতে পারি না বলে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন। আর এখন আপনারা লকডাউন মানছেন না।

এরপর আমার গাড়ির চাবিটি কেড়ে নেয় তার সাথে থাকা একজন লোক। ইউএনও আমাকে ২ হাজার টাকা জরিমানা করলে আমি কারণ জিজ্ঞেস করি।

ইউএনও জানান, আমি চাইলে আপনাকে জেলে দিতে পারি। তা করলাম না, এক হাজার টাকা জরিমানা দেন।

তবে ইউএনও নজরুল ইসলাম জানান, উনি যে ডাক্তার সেটাতো আমি বুঝতে পারিনি। উনার সঙ্গে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছিল না। তিনি যে অন্যায় করেছেন সেটা নিজে বুঝতে পেরেছেন। মূলত সন্ধ্যা ৭টার পর পাওয়াতে, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকাতেই জরিমানা করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর