অকারণে বাইরে বের হওয়ায় পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল জব্দ

বরিশাল নগরীতে অকারণে বাইরে বের হওয়া এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসময় পুলিশের এই এএসআইয়ের হেলমেট ছিল না এমনকি তার মোটরসাইকেলের কোনো বৈধ কাগজও তিনি দেখাতে পারেননি।

রোববার (০৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে। তখন ওই ব্যক্তি নিজেকে পুলিশের একজন এএসআই হিসেবে পরিচয় দেন।

জানা যায়, নগরীর আমতলার মোড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের ডিসির উপস্থিতিতে চেকিং কার্যক্রম চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি সেখানে হাজির হন। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা লকডাউনের মধ্যে তাদের ঘর থেকে বাইরে বের হওয়ার কারণ জানতে চান। তবে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি তারা।

এরপর মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান নিজেকে বিএমপির গোয়েন্দা শাখায় কর্মরত বলেও পরিচয় দেন। তবে তখন তিনি ডিউটিরত ছিলেননা ও সাথে ছিল না পরিচয় পত্র। এমনকি তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাও দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ বিষয়ে ডিসি মোহাম্মদ জাকির হোসেন জানান, সবার জন্যই আইন সমান, তাতে আমাদের পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর