বালিয়াকান্দিতে ৪র্থ দিনে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কঠোর লকডাউনের চতুর্থ দিনে লকডাউন বাস্তবায়নে সোচ্চার ররেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী।
রবিবার (৪ জুলাই) বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি বাজার, জামালপুর বাজার, আনন্দ বাজার, সোনাপুর বাজারসহ সবকটি বাজার ও সড়কে লকডাউন কার্যকর করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান মাঠে সরব ছিলেন। তাদেরকে সহযোগীতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি চৌকশ দল।
এসময় সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে বাইরে চলাফেরা এবং বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বাজারে আসা ব্যক্তিদেরকে সতর্ক করা, মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা ২টি মামলায় ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সবাইকে ঘরে থাকার আহবান জানানো হচ্ছে। মহামারী এই করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচাতে উপজেলাবাসীকে ঘরে থাকতে বলছি। কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে হবেন না। তিনি লকডাউন বাস্তবায়নে সকলে সহযোগিতা কামনা করেন।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি