লকডাউন কার্যকরে পাড়া-মহল্লায় অভিযান চলবে: র্যাব
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন কার্যকরে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবার পাড়া-মহল্লাতেও র্যাবের অভিযান চলবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
রোববার (৪ জুলাই) রাজধানীর উত্তরা, সোনারগাঁ জনপথ রোডের যমযম টাওয়ারের সামনে করোনার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় র্যাবের পদক্ষেপ ও কার্যাবলি নিয়ে স্পট ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গতকাল আমরা যেটা বলেছিলাম, যারা পাড়া-মহল্লাতেও জমায়েত হচ্ছে র্যাব তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। গতকাল থেকেই পাড়া-মহল্লায় র্যাবের অভিযান শুরু হয়েছে।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পাড়া-মহল্লার ভেতরে মাইকিং করা হয়েছে, মাস্ক বিতরণ করা হয়েছে এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। চায়ের দোকানে বসে যাদের চা খেতে দেখেছি তাদের বাসায় যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
লকডাউনকে পুঁজি করে যারা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/নব