সরিষাবাড়ীতে লকডাউন উপেক্ষা করে বসেছে পশুর হাট, নেই স্বাস্থ্যবিধি

জামালপুরের সরিষাবাড়ীতে সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে বসেছে সাপ্তাহিক পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতা কেউ মানছে না স্বাস্থ্যবিধি।

শনিবার(৩ জুলাই) দুপুরে পৌর এলাকার বাউশি বাজারে বসেছে এই হাট। সাপ্তাহিক এ পশুর হাটে বিপুল মানুষের উপস্থিতি ছিল। তবে অধিকাংশ মানুষের মুখে ছিলো না মাস্ক।

লকডাউনের মধ্যে সরকার ও প্রশাসন যখন স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে কঠোর অবস্থানে রয়েছে; তখন পশুর হাট বসিয়েছে হাট মালিক স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার সকাল থেকে বাউশি বাজারে পশুর হাটে বিভিন্ন উপজেলা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলে কেনাবেচা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও ছিল পকেট ও থুতনি নিচে।

পশুর হাটে উপস্থিত সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক বলেন, হাট তো আর বন্ধ করা যাবেনা। স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে সেটা বাস্তবায়ন করতে পুলিশ কাজ করছে।

হাট ইজারাদার মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলার অনেক জায়গাতেই পশুসহ হাট বাজার চলছে। স্থানীয় মেয়র ও প্রশাসনের সাথে কথা বলেই আমরা হাট পরিচালনা করছি। তবে স্বাস্থ্যবিধি যাতে সবাই মেনে চলে তার জন্য মাইকিং করা হচ্ছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসার কথা শুনেছি। বিকাল ৫টা পর্যন্ত পশুর হাট চলবে। পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর