সিংড়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

গত এক সপ্তাহ ধরে সিংড়ার চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান। আর হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতা পিছু পিছু ছুটছে। প্রাণীকে অনেকে দেখে আনন্দ পাচ্ছে আবার কেউ কেউ তাকে ঢিল ছুড়ে বিরক্তও করছে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে দলছুট একটি মুখপোড়া হনুমান সিংড়ার চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রাণীটিকে দেখতে কৌতুহলী লোকজন ভিড় করছে। তবে এই প্রাণীটি কোথা থেকে কিভাবে এসেছে কারও জানা নেই। বণ্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি মো. সজিব ইসলাম জুয়েল বলেন, উৎসুক জনতার ভয়ে শনিবার (৩ জুলাই) সকাল থেকে হনুমানটি কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। প্রাণীটিকে কেউ যাতে বিরক্ত না করতে পারে সেজন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, হনুমান ধরাটা খুবই কঠিন এবং অবমুক্ত করার জায়গাও নেই।

তিনি আরো বলেন, প্রাণীটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। তবে সে কারও ক্ষতি করবে না। এ বিষয়ে মানুষকে সচেতন হতে হবে।

রবিন খান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর