শ্যামনগরে পাউবো কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের ৭/২ পোল্ডারের এসও আলমগীর কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের বানভাসী মানুষেরা।

রবিবার (০৪ জুলাই) বেলা ১১টার দিকে পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা ভাঙ্গন পয়েন্টে ‘বানভাসী এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের সভাপতিত্বে ও খুলনা বিএল কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি হুজাইফা আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্যাতলা ভাঙ্গন কবলিত এলাকার আনোয়ারুল ইসলাম, টোকন সানা, মহরম আলী গাজী, বাবুল গাজী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬শে মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শ্যামনগর উপজেলার বন্যাতলা এলাকার বেঁড়িবাধ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ এ বাঁধ সংস্কারের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু পাউবোর এসও আলমগীর কবিরের সীমাহীন দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় বাঁধটি এখনো সংস্কার করা হয়নি।

বক্তারা আরো বলেন, পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ বেঁড়িবাধটি সংস্কারের উদ্যোগ নিয়ে বাঁশ ও বালুর বস্তা ফেলা শুরু করলেও এসও আলমগীর কবিরের সেচ্ছাচারিতায় সে কাজও বন্ধ হয়ে গেছে। আমরা তার কাছে কাজ বন্ধের কারণ জানতে চাইলে তিনি আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। আমরা অবিলম্বে দুর্নীতিবাজ এই কর্মকর্তার শাস্তি ও বদলি দাবি করছি একই সাথে অতিদ্রুত বাঁধ সংস্কার কাজ শেষ করার জোর দাবি জানাচ্ছি।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর