ক্যাপের সভাপতি সাইফুল, সম্পাদক ফারজানা

ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন- (ক্যাপের) কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ডা. সাইফুল ইসলাম মুসা ও সাধারণ সম্পাদক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফারজানা আদনানকে নির্বাচিত করা হয়েছে। আগামী এক বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

সংগঠন সূত্রে জানা যায়, শুক্রবার ২ জুলাই রাত ৯টায় ক্যাপের সাবেক সভাপতি মুছা করিম রিপনের পরিচালনায়, সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে এক অনলাইন মিটিংয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহাদি, কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈম আহমেদ, কেয়া বিশ্বাস, ঢাকা জোনের সাবেক সাংগঠনিক সম্পাদক চন্দনা রয়, কুষ্টিয়া জোনের সভাপতি রিয়াদুস সালেহীন প্রমুখ।

এতে ডা. সাইফুল ইসলাম মুসাকে কেন্দ্রীয় সভাপতি ও ফারজানা আদনানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

এতে কোষাধ্যক্ষ হিসেবে আজম আকন, পরিকল্পনা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সালমান শাহাদাত এবং যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ ইয়াসির আরাফাতকে মনোনীত করা হয়েছে৷

এ বিষয়ে ক্যাপের নতুন সভাপতি ডাঃ সাইফুল ইসলাম মুসা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ সারাদেশে মায়েদের ক্যান্সার সচেতনতায় কাজ করে আসছি, করোনার কারণে এখন সেভাবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নারীদের সচেতন করা সম্ভব হচ্ছে না, তবে সংগঠনকে গতিশীল করতে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেস্টা করবো।

সদস্য পরিচিতি-
নবগঠিত কমিটির সভাপতি ডা. সাইফুল ইসলাম মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ফ্যাকাল্টির অধীনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (মিরপুর,ঢাকা) থেকে বিএইচএমএস সম্পন্ন করেছেন। একই সাথে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য জনস্বাস্থ্য বিষয়ে এমপিএইচ ডিগ্রি সম্পন্ন করেছেন। সাধারণ সম্পাদক ফারজানা আদনান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে স্নাতকোত্তর এ অধ্যায়নরত।

এছাড়া কোষাধ্যক্ষ আজম আকন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে (মিরপুর,ঢাকা) বিএইচএমএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরিকল্পনা ও সাংগঠনিক সম্পাদক সালমান শাহাদাত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর এ অধ্যায়নরত। যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ।

প্রসঙ্গত, নারীদের ক্যান্সার সচেতনতা সৃষ্টিকারী সংগঠন ‘ক্যাপ’ ২০১৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) থেকে যাত্রা শুরু করে৷ বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় নারীদের স্তন ও জরায়ু-মুখ ক্যানসার সচেতনতায় কাজ করে যাচ্ছে সংগঠনটি৷

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর