ফিলিপাইনে একটি সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৭ জন সেনা সদস্য নিহত হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ সেনাকে জীবিত উদ্ধার করা গেছে।
প্রথমে জানানো হয়েছিল ৮৫ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। তবে পরবর্তীতে জানা যায় বিমানে ৯২ জন আরোহী ছিল। দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ সুলুর পাতিকুলে ওই দুর্ঘটনা ঘটে।
সোবেজানা বলেন, সি-১৩০ মডেলের ওই বিমানটিতে তিনজন পাইলট এবং পাঁচ জন ক্রুসহ ৯২ জন আরোহী ছিল। বাকিরা ছিলেন সেনাবাহিনীর সদস্য। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন।
তিনি বলেন, এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি অবতরণের সময় রানওয়ে মিস করে ফেলে। পরবর্তীতে অবতরণের চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয়।
বিমানে থাকা বেশিরভাগ আরোহীই সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের একটি যৌথ টাস্ক ফোর্সে কাজ করার জন্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।
বার্তা বাজার/নব