বাংলাদেশসহ ৩ দেশে ফ্লাইট স্থগিত করল দুবাই

প্রাণঘাতী করোনা পরিস্থিতির কারণে এশিয়ার ৩টি দেশে যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করেছে দুবাই ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস। আগামী ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে কোনো যাত্রী নেবে না বলে জানানো হয়েছে।

এমিরেটস তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগে, আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে এই ঘোষণা দিল তারা।

এমিরেটস জানিয়েছে, গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য সংযুক্ত হয়েছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

তবে, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি এবং কূটনৈতিক মিশনের সদস্যগণ যারা করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে আবুধাবি ভিত্তিক এয়ারলাইন্স ইতিহাদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর