করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।
রোববার (৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১২ জন মারা গেছেন।
গত ২৪ মৃতদের মধ্যে সর্বোচ্চ ছয়জন রাজশাহীর। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন রয়েছেন।
করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর একজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন মারা গেছেন।
রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৭ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন।
বার্তা বাজার/নব