লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকোতে ইকুয়েডরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের ২২ মিনিটেই গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি।
তবে ম্যাচের ৪০ মিনিটে মেসির সহায়তায় আর্জেন্টিনার প্রথম গোলটি করেন রদ্রিগো ডি পল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইকুয়েডর। কিন্তু গোল পেতে ব্যর্থ হয়েছে তারা।
ম্যাচের ৮৪ মিনিটে মেসির পাস থেকেই দলের দ্বিতীয় গোলটি করেন লাউতারো মার্টিনেজ। আর অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ব্যবধান ৩-০ করেন মেসি।
শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। তারা কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে উরুগুয়েকে হারিয়ে সেমিতে উঠেছে। আগামী ৭ জুলাই সকাল ৭টায় সেমিতে মুখোমুখি হবে এই দুইদল।
বার্তা বাজার/নব