আজব লকডাউন: থানার সামনে বিশাল জটলা
চলমান কঠোর বিধি নিষেধ বা লকডাউনে রাজধানীজুড়ে কোনো যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলেই লোকজনকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (০৩ জুলাই) সারাদিনে রাজধানীতে মোট ৬২১ জনকে আটক করা হয়েছে। জরিমান আদায় হয়েছে প্রচুর টাকা।
রাজধানীর অলিগলিতে লোকজন চলাচল করলেও প্রধান সড়কগুলোতে মানুষের উপস্থিতি তেমন ছিলো না। তবে এমন পরিস্থিতিতে রাজধানীর মিরপুর থানার সামনেই দেখা গিয়েছে জটলা।
বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর মডেল থানার সামনে গিয়ে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা রাস্তায় সাঁজোয়া যান নিয়ে দাঁড়িয়ে আছে। থানাটির সামনে থেকে কনভয় পেট্রোলিং শুরু হওয়ার কথা। প্রেট্রোলিংয়ের মাইকে ঘোষণা করা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকুন। কিন্তু পাশেই দাঁড়িয়ে সেই প্রেট্রোলিং দেখছেন শতাধিক জনতা।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন স্থান থেকে আটক করে নিয়ে আসাদের ছাড়িয়ে নিতে স্বজনরা ভিড় জমিয়েছেন থানার সামনে। কিন্তু পুলিশ কর্মকর্তারা তাঁদের সাথে কথা না বলে নিজেদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘ হচ্ছে আটককৃতদের স্বজনের সংখ্যা।
সেখানে কথা হয় খোরশেদ আলম নামে এক ব্যক্তির সাথে। তিনি জানান, তার কারখানার ৩ শ্রমিককে ধরে আনা হয়েছে। গার্মেন্টস সামগ্রীর কারখানা লকডাউনের আওতামুক্ত রয়েছে। কিন্তু তাঁরা কারখানা খোলা রেখে কাজ করায় কারখানার ভেতর থেকে তিন শ্রমিককে তুলে এনেছে পুলিশ। তাঁদের ছাড়াতে ঘণ্টার পর ঘণ্টা তিনি দাঁড়িয়ে আছেন থানার সামনে।
ইয়াসমিন আক্তার নামে এক নারী বলেন, আমার ভাই সকালে বাসার জন্য নাস্তা কিনতে নেমেছিলো। তাঁকে পুলিশ আটক করে নিয়ে এসেছে। সকাল থেকে থানার সামনে বসে আছি। কেউ কথা বলে না। ভাইয়ের সংগে দেখা করতেও দেয়নি।
এমনই অভিযোগ করেন মনির আহমদ নামে এক ব্যক্তি। তিনি জানান, দোকানে বৃষ্টির পানি ঢুকায় পরিষ্কার করতে এসেছিলেন তাঁর ভাই। সেখান থেকে তাকে পুলিশ তুলে নিয়ে আসে, এখনো ছাড়েনি। জানতে চাইলে বলেছে, ম্যাজিস্ট্রেট এসে সিদ্ধান্ত দিবেন।
তবে এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা মিরপুর মডেল থানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কর্মকর্তারা কথা বলেননি।
বার্তা বাজার/এসজে