‘জিয়াউর রহমান স্বাধীনতার পরে খালেদা জিয়াকে ঘরে নিতে চাননি’

স্বাধীনতার পরে জিয়াউর রহমান তার স্ত্রী খালেদা জিয়াকে ঘরে নিতে চাননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তাদের সংসার বঙ্গবন্ধু টিকিয়ে রেখেছিলেন বলেও তিনি মন্তব্য করেছেন।

শনিবার (০৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার পর বেগম জিয়াকে ঘরে নিতে চাননি। কারণ তার আরেকটি ঘটনা আছে, সেটি আমি জানি। এই সংসারটি টিকিয়ে রাখার জন্য জিয়াকে পদোন্নতি দিয়ে ঢাকায় এনে সেনাবাহিনীর উপপ্রধান করেছিলেন বঙ্গবন্ধু।

তিনি জানান, সে সময় জিয়াউর রহমান কুমিল্লায় ছিলেন। তখন তাকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং উপসেনাপ্রধান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু তাকে উপসেনাপ্রধান করেন। ওই সময় তাকে প্রমোশন দিয়ে মেজর থেকে মেজর জেনারেল করেন বঙ্গবন্ধু। আর সেই জিয়াই ষড়যন্ত্র করে মোশতাক, কর্নেল রশিদ ফারুককে নিয়ে। মোশতাক যখন অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানায়। সেই মোশতাককে হটিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। জিয়া ছিল একদিকে সেনাপ্রধান আরেকদিকে ছিল দেশের রাষ্ট্রপতি। এর আগে আইযুব খান এই একই দৃষ্টান্ত দেখিয়েছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজ বিএনপির কাছ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাবাহিনীতে থেকে মেজর জেনারেল জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল। বঙ্গবন্ধু হত্যার যে পরিকল্পনা করা হয়েছিল যার মূল শক্তি ছিল জিয়াউর রহমান। তিনি সেনাবাহিনীর উপপ্রধান ছিল। জিয়াউর রহমান না থাকলে এই পরিকল্পনা করতে পারত না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর