অবশেষে রমেকে চালু হলো করোনা ইউনিট

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য করোনা ইউনিট চালু করা হয়েছে। রোববার (৪ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে এখানে রোগীরা চিকিৎসা নিতে পারবেন। রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাসপাতালের নতুন বিল্ডিং এর ৪র্থ তলার ৩৩নং (এন্ড্রোক্রাইনোলজি) ওয়ার্ড টি করোনা পজিটিভ রোগীদের রাখার জন্য ব্যাবহৃত হবে। এই ওয়ার্ডে করোনা পজিটিভ রোগীদের জন্য বেড রয়েছে ৩৬ টি। আপাতত শুধুমাত্র রংপুর মেডিকেল হাসপাতালের ভতিকৃত রোগীরা পজিটিভ হলে তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হবে।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেটেড হাসপাতালে রোগীদের সংখ্যা অতিরিক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গতকাল শুক্রবার ডেডিকেটেড করোনা হাসপাতালে আইসিইউ বেড ফাকা নেই মর্মে নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এন্ড্রোক্রাইনোলজি ওয়ার্ড হাসপাতালের পুরাতন বিল্ডিং এর ৩য় তলায় ৫নং (চক্ষু ওয়ার্ফ) এর সাথে একত্রে রাখা হয়েছে। ৫নং ওয়ার্ড টি এখন থেকে এন্ড্রোক্রাইনোলজি ও চক্ষু ওয়ার্ড হিসেবে ব্যাবহৃত হবে।

এছাড়া জরুরী বিভাগের পাশে ১০ শয্যা বিশিষ্ট একটি আইসিইউ ইউনিট খুব দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, করোনা হাসপাতালে আইসিইউ বেড ফাকা না থাকায় রংপুর মেডিকেলে নতুন করে করোনা ইউনিট চালু করা হলো। এছাড়াও জরুরী বিভাগের পাশেও ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। দু-তিন সপ্তাহের মধ্যে তা চালু করার জোর চেষ্টা চলছে। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার আহবান জানান তিনি।

রকি আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর