চট্টগ্রামে শিশুকে নির্যাতনের মামলায় সৎ মা সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ পতেঙ্গার ইভা নামে এক মেয়ে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সালেহা বেগম (২৬) এবং সালেহার মা কমলা বেগম (৫২) নামে দুইজনকে গ্রেফতারের কথা জানান পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ।
ওসি জানান, দক্ষিণ পতেঙ্গা এলাকার তাকওয়া ইসলাম ইভা নামে আট বছরের মেয়েটি স্থানীয় একটি আবাসিক মাদরাসায় থেকে পড়ালেখা করতো। মা মারা যাওয়ার পর তা বাবা সালেহা বেগম নামে এক মহিলাকে বিয়ে করেন। ইভার সৎ মা সালেহা সবসময় নানানভাবে ইভার উপর অত্যাচার ও নির্যাতন করে আসছিল।
গত ২৪ জুন সকালে ইভাকে বর্জ্য ময়লা ফেলতে বাইরে পাঠায় সৎ মা সালেহা বেগম। ময়লা ফেলে ফিরতে দেরি হওয়ায় ইভার বাবার অনুপস্থিতিতে সালেহা ও তার মা কমলা মিলে চুলার আগুনে ছুরি গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন।
ঘটনাটি ইভার দাদী সাগরিকা বেগমের (৫৪) দৃষ্টিগোচর হলে তিনি শুক্রবার রাতে ইভার সৎ মা সালেহা বেগম ও সালেহা বেগমের মা কমলা বেগমের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে এবং গরম ছ্যাঁকা দেওয়ার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দু’জনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি জোবাইর সৈয়দ।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি