কঠোর লকডাউনের তৃতীয় দিন টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫৪ জনকে ৭১ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে দোকান খোলা রাখা, বিনা কারণে ঘর থেকে বের হওয়া, মাস্ক পরিধান না করা এবং আড্ডা দেয়ার অভিযোগে এ জরিমানা করা হয়।
এছাড়াও মাইকিং করে লোকজনকে স্বাস্থ্যবিধি পালনে সকলে সচেতন করা হয়।এদিকে, নাগরপুরে দোকান খোলা ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ৩০ জনকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের গঠিত বিশেষ টিম অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩৮ জনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
জেলার সদর উপজেলা, কালিহাতী, ঘাটাইল এবং মির্জাপুর উপজেলায় এ জরিমানা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবী।
অপরদিকে, ঘাটাইলে ১১ জনকে ৭ হাজার ৫৫০ টাকা, সখীপুরে ১০ জনকে ৪ হাজার ২০০ টাকা, মির্জাপুরে ১৫ জনকে ১৯ হাজার ৭০০ টাকা, কালিহাতীতে ১৭ জনকে ৭ হাজার ৭০০ টাকা, মধুপুরে ১৯ জনকে ৮ হাজার ২০০ টাকা, ভূঞাপুরে ৭ জনকে ১ হাজার ৯০০ টাকা, বাসাইলে ৩ জনকে ২ হাজার জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ূবী জানান, সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসান সিকদার /বার্তা বাজার/টি