ডেসটিনির এমডিকে হাসপাতাল থেকে ফের কারাগারে স্থানান্তর

দেশের বিতর্কিত এমএলএম প্রতিষ্ঠান ডেসটিনি ২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমিনকে বিএসএমএমইউ থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর শনিবার (০৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে কারাগারে নেওয়া হয়।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছিলেন, বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন রফিকুল আমীন। সেখানে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা কারারক্ষীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে চূড়ান্ত ব্যবস্থা।

উল্লেখ্য, ডায়েবেটিসের সমস্যা দেখিয়ে দুই মাস ধরে হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন রফিকুল আমিন। চিকিৎসাধীন আছেন দেখিয়ে কারা তত্ত্বাবধানে হাসপাতালে থেকে তিনি তার বিতর্কিত ব্যবসার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠে।

সম্প্রতি জুম মিটিংয়ে কিছু ভিডিওতে দেখা যায় তিনি তার নতুন এমএলএম ভিডিও নিয়ে আলোচনা করছেন। সেখানে ১৩০০ মার্কেটিং এজেন্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনাও তিনি করছিলেন।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কারা অধিদপ্তর। তারা ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। এ ঘটনায় প্রত্যাহার করা হয়েছে কারা সংশ্লিষ্ট ১৭ জনকে। এর মধ্যে সাতজন সহকারী প্রধান কারারক্ষী ও ছয়জন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা চার প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর