ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের টিকা নিবন্ধন কার্যক্রম ব্যাহত

সার্ভার সমস্যাসহ নানা কারনে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী কর্মীদের করোনার টিকা নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা সঠিকভাবে তাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না। এতে বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার কথা।

প্রবাসী অধ্যুষিত জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিপুল সংখ্যক জনশক্তি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কাজ করছে। সম্প্রতি প্রবাস গমনে করোনার টিকা বাধ্যতামূলক করায় বিদেশগামী প্রবাসীদের টিকা নেয়া অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। বিদেশগামী এসব প্রবাসীদের টিকা নিশ্চিত করতে করোনার টিকা নিবন্ধন কার্যক্রম শুরু করে জনশক্তি ও কর্মসংস্থান বিভাগ। ব্রাহ্মণবাড়িয়ায় জনশক্তি কর্মসংস্থান অফিস নেই। তাই সদর উপজেলার চিনাইরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন চলছে।

শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। বিএমইটি’র ওয়েব সাইটে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ২শ টাকা ফি দিয়ে সুরক্ষা এ্যাপ ও আমি প্রবাসী এ্যাপের মাধ্যমে নিবন্ধন করবে। নিবন্ধন করতে হলে ই-পাসপোর্টধারী প্রবাসী কর্মীদের ব্যাংকে এবং সাধারন পাসপোর্টধারীদের রকেট, বিকাশ বা নগদে ২শ টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়।

নিবন্ধন করতে আসা প্রবাসীরা জানান, সার্ভার সমস্যা সহ বিভিন্ন কারণে তারা ব্যাংক ড্রাফট করতে পারছেন না পাশাপাশি জনবল সংকটও রয়েছে। তাই দূরদুরান্ত থেকে এসে দুর্ভোগ পোহাচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধান চান।

এদিকে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের করোনার টিকা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সেখানে নিবন্ধন কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন এবং প্রবাসীদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন। পরে তিনি এই নিবন্ধন কার্যক্রমকে আরো গতিশীল ও সহজতর করতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আক্তার হোসেনসহ নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষন সেন্টারের অধ্যক্ষ মোঃ আকতার হোসেন বলেন, আকষ্মিক ভাবে নিবন্ধনের চাপ বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। তবে তা দ্রুত সমাধান করেন প্রবাসীদের পরিপূর্ণ সেবা নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, প্রবাসীদের টিকা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেছি। সেখানকার সমস্যা সম্পর্কে অবহিত হয়েছি। দ্রুত এসব সমস্যা সমাধান করা হবে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর