সংসদে বিএনপির দলীয় এমপি হারুনুর রশীদ দাবি করেছেন কোরআনে ধর্মনিরপেক্ষতার কোনো উল্লেখ নেই। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোরআনে উল্লেখ করা আছে- ‘লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন’ অর্থাৎ যার যার ধর্ম সে সে পালন করবে।
শনিবার (০৩ জুলাই) সংসদের ১৩ তম অধিবেশনকালে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব আলোচনা হয়।
চলতি অধিবেশনে হারুনুর রশীদ দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার সমালোচনা করে দাবি করেন, কোরআনে ধর্মনিরপেক্ষতার কোনো বিষয় উল্লেখ করা নেই। সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখা সাংঘর্ষিক।
তার এমন মন্তব্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্য বলেছেন, কোরআন শরিফে নাকি ধর্মনিরপেক্ষতার কথা বলা নেই। আমি বলব- অবশ্যই আছে। আমাদের নবী করিম (সা.) বলেছেন, অন্য ধর্মের প্রতি সহনশীল হতে। তিনি এই শিক্ষা দিয়েছেন। আমাদের কোরআন শরিফে বলা হয়েছে, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সব ধর্মের মর্যাদা দেয়।
তিনি আরও বলেন, পবিত্র কোরআন শরিফে আছে- ‘লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন’ অর্থাৎ যার যার ধর্ম সে সে পালন করবে। যার যার মতামত সে সে প্রকাশ করবেন। এটা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতাই আসে। যতই তিনি (এমপি হারুনুর রশিদ) অস্বীকার করুন, যেভাবে তিনি ব্যাখ্যা দেন। এটা হচ্ছে বাস্তবতা। যুগ যুগ ধরে এটা চলছে।
নিজের ধর্ম পালনের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, অবশ্যই নিজের ধর্ম পালনে সব সময় গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অন্য ধর্মের প্রতি সহনশীল থাকতে হবে। এটা আমাদের শিক্ষা। এটা নবী করিম (সা.) সব সময় বলে গেছেন।
বার্তা বাজার/এসজে