রেস্টুরেন্টে বাইরে তালা ঝুলিয়ে ভেতরে আড্ডা, গুণতে হলো জরিমানা
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার আমিন শপিং কমপ্লেক্সে সিএফসি নামে একটি রেস্টুরেন্টে অভিনব কায়দায় চলছে ব্যবসা। বাহিরে তালা লাগিয়ে ভিতরে তরুণ-তরুণীদের বসে খাবার পরিবেশন ও আড্ডা কার্যক্রম চালিয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন তিনি এছাড়াও বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে উপজেলার চাতরী চৌমুহনী বাজার, আনোয়ারা সদর, মালঘর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ২২টি মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান চৌধুরী বলেন, উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর শুনে দোকানিরা বাইরে তালা ঝুলিয়ে ভেতরে অবস্থান করছিল। এ অবস্থায় একটি রেস্টুরেন্টেকে ১ হাজার টাকাসহ বিভিন্ন দোকানিদের জরিমানা করা হয়েছে। লকডাউনে মানাতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি