কুমিল্লা কারাগারে বন্দি নির্যাতনের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রকাশ্যে বন্দি নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে শুরু করে কারা অধিদপ্তরের সংশ্লিষ্টদের মধ্যে।
সূত্র জানায়, ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের দুর্গাপুর গ্রামের আব্দু মিয়ার ছেলে শাহজাহান বিলাসের কয়েদি নাম্বার ৭১৫১/এ। তিনি ডাকাতি ও খুনের মামলায় ৫৮ বছরের সাজা পেয়ে ২৬ বছর ধরে বন্দি আছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে। সম্প্রতি কারারক্ষীদের হাতে তিনি ১২ পিস ইয়াবা, এক পুড়িয়া গাঁজা ও নগদ ৬০০ টাকাসহ ধরা পড়েন। পরে কারাগারের কেস টেবিলের সামনে জেল সুপার শাহজাহান আহমেদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাহজাহান বিলাসকে দুই হাত পেছনে বেঁধে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে চলা মারধরে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিছুটা সুস্থ হলে পাঠানো হয় কারাগারের সেলে।
এ ঘটনার ভিডিও ভাইরাল হলে নজরে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও কারা অধিদপ্তরের। তারা এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেন। ৩ সদস্যের কমিটিতে সভাপতি করা হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার শফিকুল ইসলাম খানকে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেল সুপার ইকবাল হোসেন ও ফেনী জেলা কারাগারের জেলার শাহাদত হোসেন মিঠুকে করা হয় সদস্য।
এদিকে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বৃহস্পতিবার (০২ জুলাই) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ শরীফ ও কারারক্ষী অনন্ত দাসকে করা হয় সাময়িক বরখাস্ত।
বরখাস্ত করায় আত্মহত্যার চেষ্টা করেন অনন্ত দাস। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, গত ১২ এপ্রিল বিলাসের ওয়ার্ডে তল্লাশি চালিয়ে মাদক, সিগারেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে উচ্ছৃঙ্খল আচরণ করে। এ জন্য তাকে লঘু শাস্তি দেওয়া হয়েছে।
ভিডিও আসছে…
বার্তা বাজার/এসজে