মোটরসাইকেল চেক করায় সড়ক বন্ধ করে দিলেন ডিএনসিসির ইঞ্জিনিয়ার!

রাজধানীর মিরপুরে পুলিশ চেকপোস্টে মোটরসাইকেল আটক করাত করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক সহকারী প্রকৌশলী ঘটিয়েছেন অদ্ভুত কাণ্ড। সিটি করপোরেশনের পিক আপ ডেকে এনে তিনি রাস্তাটাই বন্ধ করে দিয়েছেন।

শনিবার (০৩ জুলাই) সকাল ১১টার দিকে মিরপুর ১০ নাম্বার গোলচত্ত্বর এলাকায় এই ঘটনাটি ঘটে। ওই সহকারী প্রকৌশলীর নাম আমিনুল ইসলাম। তিনি ডিএনসিসির অঞ্চল-২ এ কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে মোটরসাইকেলে করে আরও একজনকে নিয়ে চেকপোস্ট অতিক্রম করছিলেন আমিনুল ইসলাম। তখন সেখানে কর্তব্যরত সার্জেন্ট নিশীত তাদেরকে আটক করেন হেলমেট না থাকার অপরাধে। কিন্তু চেক করে দেখা যায় তাদের কোনো বৈধ কাগজপত্রও নেই।

এ নিয়ে আমিনুলের সাথে নীশিতের তর্ক শুরু হয়। আধাঘণ্টা তর্ক করে এক পর্যায়ে পুলিশ মোটরসাইকেল আটক করে তাদের হেফাজতে নেয়।

এর কিছুক্ষণ পর আমিনুল ইসলাম সিটি করপোরেশনের বড় একটি পিকআপ নিয়ে আসেন। তিনি ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশের পুরো রাস্তা পিকআপ দিয়ে আটকিয়ে দেন। এতে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে ওই প্রকৌশলী বলেন- সড়ক সংস্কার করব। এভাবে কিছু সময় উভয়পক্ষের বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে কাফরুল জোনের পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ওই প্রকৌশলীর কাছে নিয়ম ভঙ্গ করে মোটরসাইকেল চালানোর কারণ জানতে চান। প্রকৌশলী আমিনুল কোনো সদুত্তর দিতে পারেননি।

দুপুর ১২টায় ডিএনসিসির প্রভাবশালী ঠিকাদার পারভেজ প্রকৌশলী আমিনুলকে নিয়ে পল্লবী জোনের এসি (ট্রাফিক) ইলিয়াস হোসেনের কার্যালয়ে যান। সে সময় কোনো গণমাধ্যমকর্মীকে এসির কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।

পল্লবী জোনের এসি ইলিয়াস হোসেন বলেন, মোটরসাইকেলের কাগজপত্র ঠিক আছে তবে হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়েছে। রাস্তা মেরামত করবে তাই রাস্তা ব্লক করা হয়েছে। আটকে দেওয়ার মত কিছু ঘটেনি। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের দরকার নেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর