লকডাউন অমান্য করে হরিরামপুরে বসেছে হাট, মানছেনা স্বাস্থ্যবিধি

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকায় বসেছে হাট। হাটে উপজেলার বিভিন্ন এলাকা ও চরাঞ্চল হতে কয়েক হাজার মানুষের আগমন ঘটেছে। হাটে মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি, অনেকের মুখে নেই মাস্ক। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

শনিবার (৩ জুলাই) ভোর থেকেই হাট বসেছে। হাটে উপজেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী জেলা থেকে হাজারো মানুষের সমাগম ঘটেছে। দেখা গেছে, হাটে গাদাগাদি করে ছিল ক্রেতা-বিক্রেতার অবস্থান। অধিকাংশ মানুষের মুখেই ছিল না মাস্ক। হাট উপলক্ষ্যে ঝিটকা বাজারের বেশিরভাগ দোকানই খোলা ছিল।

পার্শ্ববর্তী ফরিদপুর জেলা থেকে ঝিটকা হাটে আসা ইউছুব বলেন, হাট করা দরকার তাই এসেছিলাম। তার মুখেও মাস্ক ছিল না। হাট বসবে এমন খবর জেনেই তিনি হাটে এসেছেন বলে জানান।

উপজেলার পদ্মার চরাঞ্চল সেলিমপুর, নটাখোলা, হরিহরদিয়া, হালুয়াঘাট থেকে অন্তত ২০ টি ট্রলার যাত্রীভর্তি করে হাটে এসেছে। প্রতিটি ট্রলারে ১০০-২৫০ মানুষ এসেছে বলে জানান ট্রলার চালকেরা। এ ব্যাপারে ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু জানান, আমরা মাইকিং করে হাট না বসাতে সবাইকে অনুরোধ করেছি। এতে কাজ না হওয়ায় প্রশাসনকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমি হাটে যাচ্ছি। দেখে ব্যবস্থা নেব।

মিলন মাহমুদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর