বিএনপির সব পর্যায়ের নেতারা আ.লীগে যোগ দিতে গোপনে যোগাযোগ করছে

বিএনপির সব পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য গোপনে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা দুঃস্বপ্ন মাত্র। উল্টো এখন বিএনপির সব পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য গোপনে যোগাযোগ করছে।

শনিবার (৩ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনি নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিল, তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে তারা এখনো মরিয়া হয়ে অন্ধকার অলি-গলি পথে হাঁটছে।

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো সংকট নেই- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সংকট নেই বলার মধ্য দিয়ে মনে হচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়।

ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই বিএনপির রাজনীতি ছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্যদিকে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি।

তিনি আরও বলেন, মানুষের দুঃখ-কষ্ট এবং অসহায় খেটে খাওয়া জনগণের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপির জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী রাজনৈতিক ভাবনা বলেই জনগণ মনে করে।

ভরা বর্ষায় বিএনপির এসব হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর