বৃষ্টি হলেই হাসনাবাদ সড়কে হাঁটু পানি, দুর্ভোগে এলাকাবাসী
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার-হাসনাবাদ হাইস্কুল সংযোগ সড়কে হাঁটু পানি জমে এলাকাবাসির দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কয়েকটি জায়গায় খানা খন্দকের সৃষ্টি হয়েছে। এ কারণে এ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছে।
রাস্তার দুই পাশের দোকাদারদের ব্যবসা করতে সমস্যা হচ্ছে। এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, এই সড়ক দিয়ে হাসনাবাদ, দক্ষিণ মির্জানাগর, বটতলী, মনিপুরা, আটকান্দি, আগানাগর সহ ৭/৮ টি গ্রামের হাজার হাজার লোকজন প্রতিদিন আসা যাওয়া করে। তাছাড়া হাসনাবাদ হাইস্কুল, দক্ষিণ মির্জানাগর গার্লস স্কুল, দক্ষিণ মির্জার্নগর হাফিজিয়া মাদ্রাসা সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই সড়ক দিয়ে আসা যাওয়া করে। এতে করে শিক্ষার্থীদের ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির পানি আটকে এ সড়কটিতে পানি লেগে থাকায় বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
হাসনাবাদ বাজারের ব্যবসায়ী একরাম ভূঞা বলেন, বৃষ্টি হলেই রাস্তায় অনেক পানি জমে যায়। এতে করে বিভিন্ন যানবাহন সহ পথচারীদের চলাচলে অনেক অসুবিধা হয়। রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন।
অটো চালক তৈয়বুল্লাহ ও হাবিবুল্লাহ বলেন, আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। গাড়ির মটর নষ্ট হয়ে যায়। গাড়ি উল্টে গিয়ে লোকজন ব্যাথা পায়।
হাসনাবাদ বাজার কমিটির সভাপতি হাজী মো: নজরুল ইসলাম বলেন, এই রাস্তাটি হাসনাবাদ বাজারে আসা যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়ে বাজারে আসা যাওয়া করতে এলাকাবাসিকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানকার পানি নিস্কাশনের কোনো ব্যবস্হা নাই। এখানে একটি ড্রেন নির্মাণ দরকার। আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান রাস্তাটি সংস্কারের বিষয়ে বাজারের ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছেন।
আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাসিরউদ্দিন খান বলেন, এই রাস্তাটির জন্য এলাকাবাসির অনেক কষ্ট হচ্ছে। আমি নিজেই উদ্যোগ নিয়েছি রাস্তাটি উচু করে দেওয়ার জন্য। আর এখানে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের প্রস্তাব অফিসে জমা দিয়েছি।
এ বিষয়ে রায়পুরা উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি