দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসা শুরু হয়েছে, আর কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদে বাজেটের ওপর সমাপনী অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ভারত থেকে প্রথমে করোনার ভ্যাকসিন কেনার ব্যবস্থা করেছিলাম। কিন্তু ভারতে সংক্রমণ বেড়ে যাওয়ায় তারা ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয়। এতে কিছুদিন আমাদের সমস্যা হয়েছিল। তবে এখন আর সমস্যা নেই। চীন ও যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন এসেছে, আরও আসবে।
তিনি বলেন, আমরা যেখান থেকে ভ্যাকসিন কেনা যায় সেখানে যোগাযোগ করছি। আরও ভ্যাকসিন কেনা হবে। চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র সব জায়গায় আমরা যোগাযোগ রেখেছি।
তিনি আরও বলেন, আমরা দেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনবো। আমরা অনেক টাকা দিয়ে ভ্যাকসিন কিনে এনেছি। কিন্তু জনগণের স্বার্থে আমরা বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছি। আমরা সব কর্মসূচিতে অগ্রাধিকার দেই গ্রামের মানুষ ও খেটেখাওয়া মানুষের।
বার্তা বাজার/নব