কঠোর লকডাউনে সাভারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন এর তৃতীয় দিনেও সাভারে করোনাভাইরাস রোধে সরকার আরোপিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সাভার উপজেলা প্রশাসন।
শনিবার (৩ জুলাই) এই রিপোর্ট লেখা পর্যন্ত সাভারের বিভিন্ন স্থানে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৪৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে বার্তা বাজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন এর তৃতীয় দিনেও করোনাভাইরাস রোধে সরকার আরোপিত লকডাউন বাস্তবায়নে সাভার উপজেলা প্রশাসন নিয়মিত টহল সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা চলমান রেখেছে।
এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) সাভার উপজেলার হেমায়েতপুর,পদ্মার মোড়, তেঁতুলঝোড়া, ফুলবাড়িয়া, থানা স্ট্যান্ড, থানা রোড, সিরামিক্স, গেন্ডা এসব এলাকায় গাড়ি, দোকান সহ আইন অমান্যকারী লোকজনকে শাস্তির আওতায় আনা হয়। এসময় মোট ১২টি মামলায় ৪৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, লকডাউনের তৃতীয় দিনে সাভারে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করেছেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস রোধে সরকার আরোপিত লকডাউন বাস্তবায়নে কাজ করে চলেছেন। পাশাপাশি, যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সাভার মডেল থানা পুলিশ এবং আশুলিয়া থানা পুলিশ সাভার উপজেলার প্রত্যেকটি মহাসড়ক এবং আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপন করে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে চলেছে। সাভা হাইওয়ে থানা তাদের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।
বার্তাবাজার/পি