পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়েতে সফরে গেছে বাংলাদেশ দল। আগামী ৭ জুলাই একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে এই সফর শুরু করবে টাইগাররা। তবে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
শনিবার (৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় টাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিবে দুইদল।
এদিকে এই ম্যাচে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই নামবে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছেন তামিম। এর ফলে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
তামিমের মত এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে মুশফিকুর রহিমেরও। তিনি হাতের আঙুলের চোটে ভুগছেন। টেস্টের আগে এই দুইজনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। এর ফলে প্রস্তুতি ম্যাচে তাদের ছাড়াই মাঠে নামতে পারে বাংলাদেশ।
সর্বশেষ ২০১৩ সালে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেই সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। এবারের সফরে বাংলাদেশ টেস্টে জিততে পারে কিনা সেটাই দেখার পালা।
বার্তা বাজার/নব