কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ

দেশে ৭ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। রাজধানীর সড়কগুলোতে যানবাহন এবং মানুষের যাতায়াত কম। সরকারি নির্দেশনা মেনে সড়কে চলাচল নেই গণপরিবহণের। শুধুমাত্র জরুরি সেবায় নিয়োজিত এবং পণ্যবাহী গাড়ি চলছে। পুলিশের সাথে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে চেকপোস্ট। তবে বৃষ্টির কারণে চেক পোস্টগুলোতে ছিল ঢিলেঢালা ভাব। বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে শনিবার ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, জরিমানা করা হয়েছে ৬৮টি গাড়ি ও ২০৮ জনকে।

এর আগে, বুধবার কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলবে ৭ জুলাই পর্যন্ত। তবে, পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হতে পারে বিধিনিষেধ।

বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মাঠে থাকছে সেনাবাহিনী। বিধি নিষেধের সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

শপিংমল, মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। পন্যপরিবহণে নিয়োজিত যানবাহন ও বন্দরসমূহ অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। খাবারের দোকানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে বিক্রি করা যাবে। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত স্থানে বসবে কাঁচাবাজার।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর