যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার প্রথম চালানে ১৩ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে ২০ লাখ টিকা এসে পৌঁছাবে বলেও জানা গেছে।
শুক্রবার (০২ জুলাই) রাত ১১টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে টিকাগুলো রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, টিকা এসে পৌঁছার সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বিমানবন্দরে উপস্থিত ছিলেন
পরে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আমরা আনন্দের সঙ্গে বলছি, আমরা ১৩ লাখ টিকা গ্রহণ করলাম। আরও ১২ লাখ ডোজ টিকা (শনিবার) সকালে এসে পৌঁছাবে।
টিকার সংকটকালে আবারও টিকা এসে পৌছায় আনন্দ প্রকাশ করে তিনি বলেন, আমরা জোরেশোরে শুরুর পরও কাঙ্ক্ষিত টিকা না পাওয়ায় তা ধরে রাখতে পারিনি। আশা করছি টিকার আর কোনো অভাব হবে না। আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি, আগামীতে আরও পাব। ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে, যা ৫ কোটি মানুষকে দেওয়া যাবে।
প্রসঙ্গত, মডার্নার এ টিকা ১৮ বছর বা এর বেশি বয়সের মানুষকে দেওয়া যায়। প্রত্যেককে এই টিকা দুই ডোজ করে দিতে হয়। প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ।
জানা যায়, মডার্নার টিকা মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় যা বাংলাদেশের জন্য কঠিন। তবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর ৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টিকা ১২ ঘণ্টা ব্যবহারের উপযোগী থাকে। মডার্নার টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
বার্তা বাজার/এসজে