কালিহাতীতে কঠোর অবস্থানে প্রশাসন

করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের আদলে দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে টাঙ্গাইলের কালিহাতীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২ জুলাই) সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার এলেঙ্গা, মগড়া ও কালিহাতী সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০ জনকে ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা।

এসময় সাথে ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া ও মগড়া পুলিশ ফাঁড়ির এসআই প্রবীরসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ না মেনে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করা এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে এসে ঘুরাঘুরি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মামলায় ৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এদিকে, শুক্রবার সকালে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান উপজেলার আউলিয়াবাদ, বল্লা ও কোকডহরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা না মানায় ৮ জনকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর