রাজধানীর প্রধান ৫ হাসপাতালে খালি নেই আইসিইউ

মহামারি করোনার প্রকোপে টানা ষষ্ঠ দিনের মত দেশে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যুর হার ক্রমশ উর্ধ্বমূখী। এর মাঝেও আশঙ্কার কথা হচ্ছে রাজধানীতে বিশেষ কয়েকটি হাসপাতালে করোনা রোগীদের জন্য বরাদ্দকৃত আইসিইউ ফাঁকা নেই। গুরুত্বপূর্ণ ৫ হাসপাতালের সবগুলো আইসিইউ বেডেই রোগী ভর্তি আছে।

শুক্রবার (০২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আইসিইউ রয়েছে ২৬টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছে ১০টি, ঢাকা মেডিকেলে ২০টি, মুগদা মেডিকেলে ২০ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ১০ শয্যার সবগুলোতেই রোগী চিকিৎসাধীন আছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনার উর্ধ্বমূখী সংক্রমণে হাসপাতালগুলোতে এখনও কিছু বেড ফাঁকা থাকলেও ক্রমেই রোগী ভর্তি হয়ে যাচ্ছে। তবে সংক্রমণ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।

এদিকে রাজধানীর অন্যান্য করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে আইসিইউ শয্যায় রোগী বাড়তে শুরু করেছে। এর মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ আইসিইউ বেডের মধ্যে ৮টি, সরকারি কর্মচারী হাসপাতালের ৬টি বেডের একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের ২টি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের ৪টি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে ৩টি এবং ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ২১২টি আইসিইউ শয্যার মধ্যে ফাঁকা রয়েছে ১০২টি বেড।

রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া সরকারি ও স্বায়ত্তশাষিত ১৬টি হাসপাতালে মোট ৩৮৪টি আইসিইউ শয্যার মধ্যে এই মুহূর্তে ফাঁকা রয়েছে ১২৭টি বেড। অপরদিকে রাজধানীতে বেসরকারি ২৮টি হাসপাতালে আইসিইউ বেড রয়েছে ৪৪১টি। এসব হাসপাতালে বর্তমানে বেড ফাঁকা রয়েছে ২৫৫টি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর