করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে জারি করা ‘কঠোর লকডাউনের’ দ্বিতীয় দিনেও কেরাণীগঞ্জের বিভিন্নস্থানে অবৈধ ভাবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও অপ্রয়োজনে বের হওয়ার অভিযোগে ১৬ জনকে সাতদিন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ২৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া, আটিবাজার, ঘাটারচর ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী, চুনকুটিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালত তাদের শাস্তি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) কামরুল হাসান সোহেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল সকলের উদ্দ্যেশে বলেন, আইন মানুন, বাসায় নিরাপদে থাকুন, লকডাউন কেমন হচ্ছে তা দেখতে আসার দরকার নেই, জেলে যাওয়ারও প্রয়োজন নেই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সরকারি আদেশ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টিম মাঠে আছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ অভিযানের বিষয়ে গণমাধ্যমকে জানান, লকডাউনের নিয়ম ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
রানা আহমেদ/বার্তা বাজার/টি